প্রেসিডেন্ট এরদোগানের তারুণ্য ভাবনা
(তুরস্কের চতুর্থ যুব সম্মেলনে প্রদত্ত বক্তব্যের কিয়দংশের ভিত্তিতে রচিত ভাবানুবাদ) প্রিয় সুধী, আজকের এই তারুণ্যের সমাবেশে আমি কিছু মনখোলা আলাপচারিতা করতে চাই। আপনারা জানেন গতকাল ইস্তাম্বুল বিজয়ের ৫৭২-তম বার্ষিকী উৎযাপিত হয়েছে। আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করেছি সেই বীর সেনানিদের এবং ইস্তাম্বুল বিজয়ী একুশ বছর বয়সী সুলতান মেহমেদ-কে যিনি একটি নবযুগের সূচনা করেছিলেন। সুলতান মেহমেদ আমাদেরকে শুধুমাত্র ইস্তাম্বুল রক্ষারই দায়ভার দিয়ে যান নাই বরং এই বিজয়ের স্পৃহাকে লালন করবার দায়িত্বও দিয়ে গিয়েছেন। আমাদের পূর্বপুরুষদের নিকট থেকে আমরা শিখেছি জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে নিপীড়িতের পাশে দাঁড়াতে। আমরা শিখেছি জালিমের বিরুদ্ধে সিনা টান করে দাঁড়াতে। আমরা শিখেছি কঠিন দু:সময়ে দাঁত কামড়ে পড়ে থাকতে। আমরা এমন ধর্মীয় প্রত্যয়ে দৃপ্ত এবং আত্মোৎসর্গকৃত যাকে কোন কিছু দিয়েই আটকানো যায় না। আমরা শিখেছি কোন কিছুর তোয়াক্কা না করে জালিমের বিরুদ্ধে গর্জে উঠে ন্যায়বিচারকে সমুন্নত রাখতে। তথাপি আমাদের লড়াই কেবল মোড়লিপনা, অনধিকারচর্চা, এবং স্বেচ্ছাচারি মানসিকতার বিরুদ্ধেই ছিলোনা। বিগত পঞ্চাশ বৎসরেরও অধিক সময় যাবৎ আম...